নজরুল ইসলাম:
চট্টগ্রাম বন্দরে দেশি-বিদেশি বিভিন্ন জাহাজ থেকে কাস্টমসের মাধ্যমে নিলামে নেওয়া পচা, গলা ও পরিত্যক্ত কাঁচামাল ব্যবহার করে ভাজ্যতেলসহ বিভিন্ন তেলজাতীয় পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগ উঠেছে মোহাম্মদ মোরশেদ ও তাঁর মোহাম্মদ ইব্রাহীমের মালিকানাধীন এস এ ট্রেডিং এন্ড কোং নামের একটি প্রতিষ্ঠানের আড়ালে এ অবৈধ ব্যবসা করে যাচ্ছে চক্রটি। এসব কর্মকাণ্ডের ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, নগরীর হালিশহর থানাধীন আনন্দবাজার এলাকায় বন্দর সংলগ্ন বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পরিত্যক্ত ও পচনশীল কাঁচামাল এবং জাহাজের বর্জ্য প্রক্রিয়াজাত করে তেলজাতীয় বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছে। ১৬৯০.দক্ষিণ-মধ্য হালিশহর, বন্দর থানাধীন শেখ আহমদ ভবনের দ্বিতীয় তলা, পিসি রোড, নিমতলা, বন্দর, চট্টগ্রাম এস এ ট্রেডিংয়ের ঠিকানা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এসব কাঁচামালের সঙ্গে বিভিন্ন তেলজাতীয় উপাদান মিশিয়ে ড্রামভর্তি পণ্য তৈরি করে অবৈধভাবে অস্থ্যকর পণ্য বাজারজাত করা হচ্ছে।
সম্প্রতি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় মোরশেদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করা দুটি তেলের ট্যাংকার মালামালসহ আটক হয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে আটক ট্যাংকার ও মালামালের মালিকানা এবং সেগুলোর প্রকৃত ব্যবহার সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে বিস্তারিত তথ্য উঠে আসবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে এ ধরনের ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এ ব্যবসার সঙ্গে স্থানীয় রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি, প্রভাবশালী মহল ও সংশ্লিষ্টদের আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।
অভিযোগ রয়েছে, চট্টগ্রাম নগরীর আকমল আলী রোডসহ সীতাকুণ্ডের শীতলকুণ্ড ও বারাকুণ্ড এলাকার বিভিন্ন স্থান থেকে নানা ধরনের পচা, গলা ও পরিত্যক্ত কাঁচামাল এবং জাহাজের বর্জ্য সংগ্রহ করা হয়। এসব উপাদান প্রক্রিয়াজাত করে তেলজাতীয় পণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। উৎপাদিত পণ্যের গুণগত মান, উপাদান, উৎপাদন প্রক্রিয়া ও মেয়াদ সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয়দের আশঙ্কা, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা, মান নিয়ন্ত্রণ ও আইনগত অনুমোদন ছাড়া এসব কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন এবং বাজারজাত করা হলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে এসব পণ্য খাদ্য বা ভাজ্যতেল হিসেবে ব্যবহৃত হলে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈজ্ঞানিক পরীক্ষা ও তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর আরও অভিযোগ, মোরশেদ ও তাঁর সহযোগীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে গিয়ে নানা বাধার মুখে পড়ছেন। স্থানীয় প্রভাববলয়ের কারণে অভিযোগ ও প্রতিবাদ যথাযথ গুরুত্ব পাচ্ছে না বলেও দাবি তাঁদের। ফলে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এদিকে কাস্টম হাউস, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের যোগসাজশে নিলাম প্রক্রিয়ায় সুবিধা পাওয়া এবং নিলামে কেনা মালামাল কথিতভাবে অননুমোদিত কাজে ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে নিলাম প্রক্রিয়া, নিলামের শর্ত এবং মালামালের পরবর্তী ব্যবহার তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ক্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম নাজের হোসাইন বলেন, “যদি এ ধরনের কাজ করা হয়ে থাকে,তাহলে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ মোরশেদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম জানান, তেলের ট্যাংকারগুলোতে অবৈধভাবে তেল পাচার হওয়ার তথ্য পেয়ে সেগুলো থানায় আটক করা হয়েছে। এখন পর্যন্ত মালিকপক্ষের কেউ যোগাযোগ করেনি। আদালতের মাধ্যমে বৈধ মালিকানা প্রমাণ করে থানায় যোগাযোগ না করা পর্যন্ত আটক মালামালের প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ বিষয়ে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মো. মোমেন উস সাজ্জাদ জানান, কাস্টমসের মাধ্যমে নিলামে মালামাল কেনার ক্ষেত্রে সেগুলো কী কাজে ব্যবহার করা হবে, তা নিলামের শর্তে উল্লেখ থাকে। নিলামের শর্ত ভঙ্গ করে এসব মালামাল বাজারজাত করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে বলে তিনি জানান।