1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আসাদুল ইসলাম

১ হাজার ইয়াবা পৌঁছে দিলেই কমিশন ১০ হাজার টাকা; ৬০ দিনে উদ্ধার ৪ লাখ ৭৩ হাজার ৭২০ পিস, জব্দ করা মাদক আত্মসাতের অভিযোগে প্রত্যাহার তিন পুলিশ সদস্য

কক্সবাজার সীমান্ত পেরিয়ে চট্টগ্রামে ইয়াবা পাচারে একের পর এক নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে পানের ঝুড়ি, যাত্রীবাহী বাস, ট্রাকের গোপন চেম্বার, প্রাইভেট কার, মোটরসাইকেল, এমনকি নদীপথও ব্যবহার করছে তারা। পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে তরুণ-যুবক, নারী, বয়স্ক মহিলা, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও।

প্রলোভন দেখানো হচ্ছে মোটা অঙ্কের কমিশনের। মাত্র এক হাজার পিস ইয়াবা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারলেই দেওয়া হচ্ছে ১০ হাজার টাকা। সহজে অর্থ উপার্জনের এমন প্রলোভনে জড়িয়ে পড়ছে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে তাদের ঠাঁই হচ্ছে কারাগারে।

শুধু বহন নয়, ইয়াবা তৈরির জন্যও নেওয়া হচ্ছে অভিনব উদ্যোগ। ঘরের ভেতর মেশিন বসিয়ে ইয়াবা তৈরির চেষ্টার ঘটনাও সামনে এসেছে। এমনকি শরীরের ভেতরে পেঠের মধ্যে ইয়াবার পুঁটলি বহন করে বড় চালান পরিবহনের অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৬০ দিনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট ৪ লাখ ৭৩ হাজার ৭২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে মাদক উদ্ধারের পাশাপাশি জব্দ করা ইয়াবা আত্মসাতের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

পানের ঝুড়িতে ইয়াবার চালান

সর্বশেষ গতকাল নগরীর চান্দগাঁও থানার রাহাত্তারপুলের এক কিলোমিটার এলাকায় মুনিরিয়া মার্কেটের ‘মেসার্স হযরত মালেক শাহ’ পানের আড়তের সামনে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। এ সময় পানভর্তি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে শপিং ব্যাগে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

বাসা ভাড়া নিয়ে ইয়াবা তৈরির চেষ্টা

এর আগে গত ২১ নভেম্বর চান্দগাঁও থানা পুলিশের হাতে আটক হন পটিয়ার তৌহিদুল ইসলাম আকিব। তাঁর দাবি, ইউটিউব, গুগল ও চ্যাটজিপিটির নির্দেশনা অনুসরণ করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মেশিন এনে হাটহাজারীর কুয়াইশে ভাড়া বাসার শয়নকক্ষে ইয়াবা তৈরি করতেন তিনি। এ ঘটনায় বাসার ভেতরে মাদক উৎপাদনের নতুন কৌশলের বিষয়টি সামনে আসে।

এর আগে ১৯ নভেম্বর জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার জামালপুর খালপাড় এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ ফারুক হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার নুনছড়ি বাহারটিলা এলাকার বাসিন্দা ফারুক চালানটি ঢাকায় নেওয়ার অপেক্ষায় ছিলেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে।

গোপন চেম্বার ও বিশেষ কৌশলে পাচার

১৬ নভেম্বর বন্দর থানার নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট থেকে কালো কাঁধব্যাগে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম ওরফে মো. রফিকুল ইসলাম ওরফে আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

১৩ নভেম্বর কর্ণফুলীর শিকলবাহা চরফরিদ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও একটি কালো রঙের হার্ডজিপ গাড়িসহ (ঢাকা-মেট্রো-ঘ-১৮-১৩১৭) হাসিবুর রহমান (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সদস্য বলে জানা গেছে। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শিবপুরে এবং তিনি বর্তমানে খুলনা সদরে বসবাস করতেন।

এর আগে ২৭ অক্টোবর বাকলিয়ার রাজাখালীতে নাহার স্কুলের সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। বাসের বক্সে লোহার হাইড্রোলিক জ্যাকের ভেতরে বিশেষভাবে রাখা ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফের উত্তর ডেইলপাড়া এলাকার মো. জালাল উদ্দীন (৪৪)-কে গ্রেপ্তার করা হয়।

কলেজ ছাত্রও ইয়াবা বহনের কাজে

ইয়াবা পাচারে শিক্ষার্থীদের ব্যবহার করার অভিযোগও উদ্বেগ বাড়াচ্ছে। লোহাগাড়া থানায় কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে বদরুদ্দোজা নামে এক কলেজছাত্রকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিকভাবে তিনি কমিশনের বিনিময়ে ইয়াবা বহনের কাজে যুক্ত হওয়ার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

জব্দ করা ইয়াবা আত্মসাতের অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার

মাদকবিরোধী অভিযানের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জব্দ করা ইয়াবা আত্মসাতের অভিযোগও সামনে এসেছে। গত ২৮ অক্টোবর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এসআই মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিনকে প্রত্যাহার করা হয়।

অভিযোগের সূত্রপাত গত ২৪ অক্টোবর রাতে লোহাগাড়ার পুটিবিলা এলাকায় একটি ট্রাক আটক করার পর। ট্রাকটি সাতকানিয়ার কেরাণীহাটের একটি সিএনজি স্টেশনে নেওয়া হলে সেখানে তিনটি পোটলায় ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। তবে এসব ইয়াবা আনুষ্ঠানিক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত না করে আত্মসাতের অভিযোগ ওঠে। ফলে চালানটি মূল জব্দ তালিকায় যুক্ত হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মাদক পাচার রোধে বাড়ছে উদ্বেগ

একদিকে সীমান্ত থেকে চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচারের নতুন নতুন কৌশল, অন্যদিকে অর্থের প্রলোভনে শিক্ষার্থী ও নারীদের অপরাধে জড়িয়ে পড়া—সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে কমিশনের বিনিময়ে মাদক বহনের কাজে তরুণদের ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

অন্যদিকে অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পাশাপাশি জব্দ করা মাদক আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। সীমান্ত থেকে নগরী পর্যন্ত মাদক পাচারের নেটওয়ার্কের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে বাহক গ্রেপ্তার হলেও ইয়াবার বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়বে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla