রাফিদুল ইসলাম , সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ ঐতিহ্যবাহী শঙ্করমঠ ও মিশন-এ সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আধ্যাত্মিক ও ধর্মীয় অনুষ্ঠানমালা সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। গত ২৯ কার্তিক থেকে ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) পর্যন্ত মঠ প্রাঙ্গণে এই ‘বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন’ অনুষ্ঠিত হয়।
ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৫তম এবং গীতা হিমাদ্রী পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম শুভ আবির্ভাব দিবস, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, রুদ্রাভিষেক ও অখণ্ড গীতাপাঠের ৪৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে এই মহোৎসবের আয়োজন করা হয়েছিল।
উদ্বোধনী পর্ব (১৬ নভেম্বর) মাঙ্গলিক বাদ্য সহকারে ওঁকার বিগ্রহ ও মঠের প্রতিষ্ঠাতা আচার্যগণের প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও গৈরিক পতাকা উত্তোলন, অখণ্ড প্রদীপ প্রজ্বলন এবং পায়রা উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
ধর্মীয় ও জ্ঞানগর্ভ আলোচনা (১৭-২১ নভেম্বর) উৎসব চলাকালীন স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের আবির্ভাব দিবস ও বিশ্বনাথ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রুদ্রাভিষেক ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এছাড়া অখণ্ড গীতাপাঠের বর্ষপূর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা, বেদান্ত দর্শন আলোচনা, স্বামী সত্যানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজের জীবন দর্শনের ওপর আলোকপাত, মাতৃসম্মেলন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বস্ত্র বিতরণ, স্বেচ্ছাসেবা কর্মসূচি এবং বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাল্টা কীর্তন পরিবেশিত হয়।
সমাপনী পর্ব (২২ নভেম্বর) সমাপনী দিনে শঙ্করমঠ ও মিশনের রূপকার এবং চতুর্থ আচার্য শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম শুভ আবির্ভাব দিবস উদযাপিত হয়। মঙ্গল শোভাযাত্রা, গুরুপূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, ধর্ম মহাসম্মেলন, গীতি আলেখ্য ও কবিগানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই আয়োজনের পর্দা নামে।
সমগ্র অনুষ্ঠানমালায় পৌরোহিত্য করেন অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ের অতিথিসহ দেশ-বিদেশের সাধু-সন্ত ও বিশিষ্ট আলোচকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
সপ্তাহব্যাপী মূল অনুষ্ঠানমালা সম্পন্ন হওয়ার পর আজ ২৭ নভেম্বর ২০২৬ (১০ অগ্রহায়ণ, শুক্রবার)শঙ্করমঠ ও মিশনের বর্তমান অধ্যক্ষ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৭১তম আবির্ভাব উৎসব উপলক্ষ্যে গুরুমহারাজের ব্যাসপূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ‘মণীষীর বিশ্বজনীন ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, প্রবল বর্ষণে মঠের গীতা ভবনের পশ্চিমাংশের প্রায় ১২০০ বর্গফুট স্থাপনা ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঠের স্থাপনাগুলোর সুরক্ষার্থে রিটেইনিং ওয়াল ও সীমানা প্রাচীর নির্মাণের চলমান কাজে সকল ভক্ত, শিষ্য ও দানশীল ব্যক্তিবর্গকে সার্বিক সহযোগিতার উদাত্ত আহ্বান জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদ ও মঠের সাধারণ সম্পাদক প্রফেসর তড়িৎ কুমার ভট্টাচার্য্য।