সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব এম এ আজাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মো. তাহের, সাবেক উপজেলা আমির জননেতা মাওলানা তাওহীদুল হক চৌধুরী এবং সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর।
সভায় বক্তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ওয়ার্ডের সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশার বিষয়গুলোও উঠে আসে।
অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি রতন কুমার নাথ ও বলরাম কুমার নাথ এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি অশীম বড়ুয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি আলা উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল মোতালেব।