রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহুদাবাদ এলাকার সাহেবানি সড়কের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব জানে আলম বাবুলের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রায় দুই মাস পার হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ বা প্রতিকার না পাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ সেপ্টেম্বর স্থানীয় যুবক মোহাম্মদ ইব্রাহীম এলাকাবাসীর পক্ষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে মধ্য মাহুদাবাদ সাহেবানি সড়কের জায়গা দখল করে বাড়ি নির্মাণের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। অভিযুক্ত জানে আলম বাবুল মৃত এরশাদ উল্লাহ সেরাংয়ের ছেলে।
এ ঘটনায় ইতোমধ্যে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। লিখিত অভিযোগ দাখিলের প্রায় দুই মাস অতিবাহিত হলেও সরেজমিন তদন্ত, নির্মাণকাজ বন্ধ কিংবা অভিযোগের বিষয়ে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি অভিযোগকারীর। এদিকে অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় অভিযুক্তের বাড়ি নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর প্রশ্ন, জনসাধারণের চলাচলের সড়কের জায়গা দখলের অভিযোগ লিখিতভাবে জানানোর পরও কেন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি? অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনের উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা দ্রুত তদন্ত করে সড়কের প্রকৃত সীমানা নির্ধারণ এবং অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগকারী স্থানীয় যুবক মোহাম্মদ ইব্রাহীম বলেন, “এলাকাবাসীর স্বার্থে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। অভিযোগের রিসিভিং কপিও আমার কাছে রয়েছে। সেখানে আমার ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া আছে। কিন্তু প্রায় দুই মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। কোথায় গেলে এমন সমস্যার সমাধান পাওয়া যাবে, সেটিও বুঝতে পারছি না।”
এ বিষয়ে বক্তব্য জানতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থসংশ্লিষ্ট এ অভিযোগটি আর অবহেলায় ফেলে না রেখে দ্রুত সরেজমিন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন।