আসাদুল ইসলাম
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ইয়াবা তৈরির মেশিনসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
পুলিশ জানায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার মোবাইল-৩১ টিমের দায়িত্বে থাকা পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ কাপ্তাই রাস্তার মাথার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তৌহিদুল আলম আকিবকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে ওই যুবক তার হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা স্বীকার করেন। বিষয়টি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিনকে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন ও এএসআই মো. মমতাজ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার আকিবকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার দেখানো মতে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক পুলিশকে জানান, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলেও জানান তিনি।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।