সাহিত্য ও সংস্কৃতি মানুষকে মানবিক, বিবেকবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করে। দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন এবং চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব।
সাপ্তাহিক পূর্ব বাংলা আয়োজিত মাসিক নিয়মিত সাহিত্য আড্ডা শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী মোড়স্থ সৈয়দ মার্কেটে পত্রিকাটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম এডিটর ক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও রাজনীতিবিদ দীপক কুমার পালিত।
জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও গীতিকার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ এবং সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম রিপোর্টার ফোরামের দপ্তর সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী হাসান মুরাদ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক ও আবৃত্তিকার রতন বড়ুয়া, প্রবীণ সাংবাদিক মিলন বড়ুয়া, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী অরূপ চন্দ, সংস্কৃতিকর্মী কনক দাশ প্রমুখ।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হতে হলে দেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ এবং চর্চা করতে হবে। হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা নিজেদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ অনেক ক্ষেত্রেই তাঁরা যথাযথ মূল্যায়ন ও সম্মান থেকে বঞ্চিত হন। তাই সংস্কৃতিকর্মীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত ও যথাযথ মূল্যায়নের দাবি জানান বক্তারা।