নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরে লস্কর পদ থেকে ইনল্যান্ড মাস্টার পদে পদোন্নতি এবং প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি ও যোগ্যতার শর্ত উপেক্ষার গুরুতর অভিযোগ উঠেছে। অতীতে এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়া এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ জমা পড়লেও দৃশ্যমান কোনো নিষ্পত্তি ছাড়াই বারবার নিয়োগ পরীক্ষার আয়োজন করা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। আগামী ২২ নভেম্বর আবারও নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করায় বন্দর প্রশাসনের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন চট্টগ্রাম বন্দরে লস্কর পদে কর্মরত তৌহিদুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি হারবার মাস্টার জহিরের ভাই। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার পদে আবেদনের নির্ধারিত শর্ত পূরণ না করলেও তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নিয়োগের শর্তানুযায়ী, প্রার্থীকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পাশাপাশি প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদ, সনদ অর্জনের পর দুই বছরের চাকরির অভিজ্ঞতা এবং কর্ণফুলী এন্ডোর্সমেন্ট থাকতে হবে। তবে অভিযোগকারীদের দাবি, প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদ পাওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত তৌহিদুল ইসলাম প্রয়োজনীয় দুই বছরের অভিজ্ঞতা অর্জন করেননি; এমনকি ওই সময় তাঁর ছয় মাসের অভিজ্ঞতাও পূর্ণ হয়নি বলে অভিযোগ রয়েছে।
এদিকে নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের সনদ ও অভিজ্ঞতার কাগজপত্র যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা হারবার মাস্টার জহিরের সঙ্গে তৌহিদুল ইসলামের পারিবারিক সম্পর্ক থাকায় স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, নিরপেক্ষ যাচাইয়ের পরিবর্তে তৌহিদুলের আবেদন যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও দাপ্তরিক নথিপত্রের স্বাধীন যাচাই প্রয়োজন।
নৌপরিবহন অধিদপ্তর ‘অভ্যন্তরীণ জাহাজ (লোক নিয়োগ, পরীক্ষা গ্রহণ ও সার্টিফিকেট প্রদান) বিধিমালা, ২০০১’ অনুযায়ী মাস্টারদের যোগ্যতা সনদ প্রদান করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, একজন নাবিক লস্কর পদে তিন বছর চাকরির পর তৃতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর নির্ধারিত অভিজ্ঞতা অর্জন করে দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় চাকরির অভিজ্ঞতা শেষে প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। প্রথম শ্রেণির সনদ পাওয়ার পর সংশ্লিষ্ট জাহাজে চাকরির অভিজ্ঞতার ভিত্তিতেই দুই বছরের শর্ত পূরণের বিষয়টি বিবেচ্য হয়।
এর আগে তৌহিদুল ইসলামের তৃতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদ ও পদোন্নতির যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি ২২ অক্টোবর ২০১৩ সালে চট্টগ্রাম বন্দরে লস্কর পদে যোগদান করেন। পরবর্তীতে ৩ এপ্রিল ২০১৪ তারিখের দপ্তরাদেশ নং-৭৭/২০১৪ অনুযায়ী ইঞ্জিন ড্রাইভারের অধীনে ক্লিনারের দায়িত্ব পালন করেন। এমন বাস্তবতায় অভ্যন্তরীণ জাহাজ বিধিমালা অনুযায়ী তাঁর প্রয়োজনীয় চাকরির অভিজ্ঞতা ও পরীক্ষায় বসার যোগ্যতা ছিল কি না—তা নিয়ে সংশয় প্রকাশ করেন সংশ্লিষ্টরা। নৌপরিবহন অধিদপ্তরে জমা দেওয়া কাগজপত্রের সত্যতা নিয়েও অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। সর্বশেষ গত ৪ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তৎকালীন পরিচালক (প্রশাসন) ওমর ফারুক স্বাক্ষরিত স্মারক নং-১৮,০৪,০০০০,১৮১,০১১,০৬১-২০২১/৬৬-এর মাধ্যমে তৌহিদুল ইসলামের ইনল্যান্ড মাস্টার তৃতীয় শ্রেণির পদোন্নতি বিষয়ে পত্র পাঠানো হয়।
ওই সময় তৎকালীন পরিচালক (প্রশাসন) ওমর ফারুক জানিয়েছিলেন, অভিযোগ থাকলে কাগজপত্র যাচাইয়ের জন্য পাঠানো হবে এবং জালিয়াতি প্রমাণিত হলে বরখাস্ত করা হবে। কিন্তু অভিযোগকারীদের দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর তদন্ত বা দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। বরং একাধিকবার নিয়োগ পরীক্ষার নোটিশ জারির পর সংবাদ প্রকাশ ও বিতর্কের মুখে পরীক্ষা স্থগিত করা হয়, এবং পরবর্তীতে আবারও পরীক্ষার আয়োজন করা হয়।
এবার আগামী ২২ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে বর্তমান পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. মোতাহার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংবাদের বিষয়ে কোনো মন্তব্য থাকলে সচিব বক্তব্য দেবেন। পরে সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি হারবার মাস্টার জহিরের বক্তব্যের জন্যও যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া মেলেনি।
একাধিকবার সংবাদ প্রকাশ, লিখিত অভিযোগ এবং যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠার পরও অভিযোগগুলোর নিষ্পত্তি না করে কেন বারবার নিয়োগ পরীক্ষার আয়োজন করা হচ্ছে—এখন সেই প্রশ্নই সামনে এসেছে। পরীক্ষার আগেই তৌহিদুল ইসলামের সনদ, সনদ অর্জনের তারিখ, দুই বছরের চাকরির অভিজ্ঞতা, কর্ণফুলী এন্ডোর্সমেন্ট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। অভিযোগ নিষ্পত্তি না করে পরীক্ষা নেওয়া হলে পুরো নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।