দেশের বিদ্যমান সমস্যা ও সংকট উত্তরণে প্রচলিত রাষ্ট্রীয় শাসন কাঠামোর সংস্কার জরুরি। আর এ পরিবর্তনের দায়িত্ব যুব সমাজকেই এগিয়ে এসে গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান এবং গণ অধিকার চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডা. মাহফুজুর ২১ নভেম্বর সন্ধ্যায় গণ অধিকার চর্চা কেন্দ্রের উদ্যোগে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. মাহফুজুর রহমান বলেন, দেশের বিদ্যমান নানা সমস্যা ও সংকটের পেছনে বর্তমান শাসন কাঠামোর সীমাবদ্ধতা ও ত্রুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সমস্যা থেকে উত্তরণে রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে যুব সমাজকে সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মের চিন্তা, মেধা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কেবল সমস্যার সমালোচনা নয়, বরং কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান, সংগঠনের নেতা ও সাবেক ছাত্রনেতা নুরুল হাদী চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, এম কাইছার উদ্দীন, ইন্তেকাব সুমন, ফৌজুল আজিম, সুপ্ত বড়ুয়া, আদনান কবির, শিং থিং মং মারমা ও মোহাম্মদ তানভিরসহ অন্যরা।