শহিদুল ইসলাম বান্দরবান
বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে পারিবারিক ও দেনমোহর/খোরপোষ সংক্রান্ত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির খবর পাওয়া গেছে।
গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এরই মধ্যে তার স্ত্রী শাহীনা আক্তারের দায়ের করা পারিবারিক ও দেনমোহর/ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি সামনে এসেছে।
বাদীপক্ষের দাবি, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজানুর রহমান আখন্দ তার স্ত্রী শাহীনা আক্তারের সঙ্গে যোগাযোগ রাখছেন না এবং ভরণপোষণও দিচ্ছেন না। দীর্ঘদিন যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় তিনি আইনগত প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেন।
শাহীনা আক্তারের আরও অভিযোগ, মিজানুর রহমান আখন্দ অন্যত্র বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। তবে এসব অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
শাহীনা আক্তার বলেন, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছে না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ভরণপোষণও দিচ্ছে না। দীর্ঘদিন যোগাযোগের চেষ্টা করেও তাকে না পেয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি ন্যায়বিচার চাই।”
এদিকে বিষয়টি নিয়ে এনসিপি বান্দরবান জেলা আহ্বায়ক মং সা প্রু-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, **“অভিযোগের ব্যাপারে আমরা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেব।
মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।