কোরআন হিফজ সম্পন্নকারী ও মেধাবী আট শিক্ষার্থীকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি দিতে সীতাকুণ্ড জান্নাতুল বানাত মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন হিফজ সম্পন্নকারী ও মেধাবী মোট আট শিক্ষার্থীকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী স্কলার এম হাসিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুননবী, একেএম ফজলুল হক ও আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম তারেক হোসেন ও সঞ্চালনা করেন হাফেজ মোসারফ হোসেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আবদুল্লাহ, জাবিন, মুবাশ্বির, জুবায়ের, উসমান, ইমতিয়াজ, ওয়াসিক ও জান্নাতুল মাওয়া। তাদের কোরআন হিফজ, মেধা, নিষ্ঠা ও অধ্যবসায়ের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফজ করা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ ও মর্যাদাপূর্ণ অর্জন। কোরআনের শিক্ষা মানুষের জীবনকে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে আলোকিত করে এবং ব্যক্তি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।
তারা আরও বলেন, সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখা প্রয়োজন। এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।