আসাদুল ইসলাম
চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়সংলগ্ন ‘পরীর পাহাড়’ এলাকায় অবস্থিত চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতির আগমন ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামী ২১ নভেম্বর প্রধান বিচারপতি জুবায়ের রহমানের চট্টগ্রাম আদালত পরিদর্শনে আসার কথা রয়েছে। তাঁর সফরকে সামনে রেখে আদালত প্রাঙ্গণের পরিচ্ছন্নতা, ময়লার স্তূপ অপসারণ, আঙিনা পরিষ্কার এবং বিভিন্ন স্থাপনা গোছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনায় থাকা আদালত প্রাঙ্গণে এখন চলছে সাজসজ্জার তোড়জোড়।
তবে এই প্রস্তুতির আড়ালেই সামনে এসেছে চট্টগ্রাম আদালতের দীর্ঘদিনের নানা সংকট। বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সীমিত লিফটের কারণে ভোগান্তিতে পড়ছেন বয়স্ক, নারী ও অসুস্থ বিচারপ্রার্থীরা। আদালত এলাকায় যানজট, অবৈধ পার্কিং ও ফুটপাত দখল নিত্যদিনের সমস্যা। পাশাপাশি অনলাইন কার্যতালিকা নিয়মিত হালনাগাদ না হওয়ায় মামলার তথ্য জানতে বিড়ম্বনায় পড়ছেন বিচারপ্রার্থীরা। অন্যদিকে, দীর্ঘ ৩৭ বছরেও বাস্তবায়িত হয়নি চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি।
এর সঙ্গে শিশু আসামিদের বিচারকাজে পৃথক ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। শিশু আইনে পৃথক বিচারব্যবস্থার বিধান থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বাস্তবে তা পুরোপুরি কার্যকর হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম জেলা ও মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বলেন, আদালতের বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। প্রধান বিচারপতির সফরকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সফর উপলক্ষে আদালত প্রাঙ্গণে যে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার উদ্যোগ নেওয়া হয়েছে, তা যেন নিয়মিত কার্যক্রমের অংশ হয়ে ওঠে।
৩৭ বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের বেঞ্চ
চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। রাজধানী ঢাকার পর দেশের অন্যতম বৃহৎ বিচারিক জনপদ এই চট্টগ্রাম। প্রতিদিন মহানগরী ও বিভাগের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ মামলা পরিচালনা, জামিন আবেদন এবং আইনি প্রতিকার পেতে আদালতে আসেন। কিন্তু উচ্চ আদালতের দ্বারস্থ হতে হলে তাঁদের অধিকাংশকেই যেতে হয় ঢাকায়।
চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি নতুন নয়। ১৯৮২ সালের ১১ মে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয়টি বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে সাংবিধানিক পরিবর্তন ও আদালতের সিদ্ধান্তের ধারাবাহিকতায় এসব বেঞ্চের কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হয়ে পড়ে। ১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অষ্টম সংশোধনী বাতিল করে মূল সংবিধানের ১০০ অনুচ্ছেদ পুনর্বহাল করেন। এরপর থেকেই চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের মানুষের মধ্যে নিজ নিজ বিভাগে উচ্চ আদালতের বেঞ্চ প্রতিষ্ঠার দাবি জোরালো হতে থাকে।
চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের নেতাদের দাবি, উচ্চ আদালতের বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভাগীয় শহরগুলোতে বেঞ্চ স্থাপন জরুরি। বিশেষ করে জামিনসহ বিভিন্ন আইনি প্রতিকার পেতে চট্টগ্রামের বিচারপ্রার্থীদের ঢাকায় যাতায়াত করতে হয়। এতে বাড়তি অর্থ ব্যয়, সময়ক্ষেপণ ও নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের।
সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠিত হলে শুধু মহানগর নয়, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিচারপ্রার্থীরাও উপকৃত হবেন।
বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জই এখন অস্বস্তির কারণ
আদালতে আসা বিচারপ্রার্থী ও সাক্ষীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছিল ‘ন্যায়কুঞ্জ’। উদ্দেশ্য ছিল, দূরদূরান্ত থেকে আসা মানুষ যেন আদালতের কার্যক্রমের অপেক্ষায় রোদ-বৃষ্টিতে কষ্ট না পেয়ে স্বস্তিতে বসতে পারেন। সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালে এটি উদ্বোধন করেন। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেই ন্যায়কুঞ্জই এখন বিচারপ্রার্থীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, ন্যায়কুঞ্জের শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও ময়লা-আবর্জনা জমে আছে, কোথাও ভাঙা বেসিন ও পানির কল। শৌচাগারের পরিবেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত। বিচারপ্রার্থীদের বসার জন্য রাখা চেয়ারগুলোর অনেকগুলো ভাঙাচোরা। অধিকাংশ চেয়ারে জমেছে ধুলাবালি। নারী ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ ব্রেস্ট ফিডিং কর্নারের অবস্থাও সন্তোষজনক নয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জেলা পিপি বলেন, গত প্রায় এক বছর ধরে ন্যায়কুঞ্জের যথাযথ তদারকি না হওয়ায় এর পরিবেশ অস্বাভাবিক হয়ে পড়েছে। সেখানে অবৈধভাবে চা বিক্রিসহ বিভিন্ন ধরনের দখলদারত্ব তৈরি হয়েছে। ন্যায়কুঞ্জকে আবারও বিচারপ্রার্থীদের উপযোগী বিশ্রামাগার হিসেবে গড়ে তুলতে তাঁদের প্রচেষ্টা থাকবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, দূরদূরান্ত থেকে বয়স্ক মানুষ, নারী, অসুস্থ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আদালতে আসেন। তাঁদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জের যথাযথ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সীমিত লিফটে ভোগান্তি, বাড়ানোর দাবি
চট্টগ্রাম আদালত ভবনে লিফটের সীমাবদ্ধতা ও যান্ত্রিক সমস্যাও দীর্ঘদিনের। বিচারক, আইনজীবী, পুলিশ, আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ বিচারপ্রার্থীদের একই অবকাঠামোর ওপর নির্ভর করতে হয়। সীমিতসংখ্যক লিফটের কারণে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে।
বিশেষ করে বয়স্ক ব্যক্তি, নারী, গর্ভবতী মা ও শারীরিকভাবে অসুস্থ মানুষের জন্য সিঁড়ি বেয়ে একাধিক তলায় ওঠা অত্যন্ত কষ্টকর। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ষষ্ঠ তলায় অবস্থিত জেলা লিগ্যাল এইড অফিসে আইনি পরামর্শ ও সহায়তা নিতে আসা অনেককেও এই ভোগান্তিতে পড়তে হয়।
লিফট সংকটের বিষয়ে জেলা পিপি বলেন, ঢাকার পর চট্টগ্রাম দেশের অন্যতম বড় আদালত। এখানে বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের একসঙ্গে চলাচল করতে হয়। ফলে সীমিতসংখ্যক লিফটে অতিরিক্ত চাপ তৈরি হয়।
আইনজীবীরা লিফটে অগ্রাধিকার পান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লিফট ব্যবহারের ক্ষেত্রে সবারই সমান অধিকার রয়েছে। তবে সম্মানের বিষয়টি বিবেচনায় বিচারকদের জন্য আসন বিন্যাস করা হয়ে থাকতে পারে।
লিফটের যান্ত্রিক ত্রুটি নিয়েও সতর্কতা প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, নির্দিষ্ট সময় পরপর লিফটের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা জরুরি। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে। তাই লিফটের সংখ্যা ও পরিধি বাড়ানোর দাবি জানান তিনি।
হকার, অবৈধ পার্কিংয়ে যানজট
চট্টগ্রাম আদালতপাড়ার আরেকটি বড় সমস্যা যানজট ও অপরিকল্পিত পার্কিং। প্রতিদিন আদালত ছাড়াও জেলা প্রশাসন, রেজিস্ট্রি অফিস ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন কাজে অসংখ্য মানুষ আসেন। ফলে আদালত এলাকায় যানবাহনের চাপ থাকে অনেক বেশি।
রাস্তার পাশে দোকানপাট, ফুটপাত দখল, যত্রতত্র গাড়ি পার্কিং এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হয়। আইনজীবীদের অভিযোগ, যানজটের কারণে সাধারণ পথচারী ও যানবাহনের পাশাপাশি আসামি পরিবহনের প্রিজন ভ্যান চলাচলেও সমস্যা সৃষ্টি হয়।
এ বিষয়ে জেলা পিপি বলেন, আদালত এলাকার পাশাপাশি জেলা প্রশাসন, রেজিস্ট্রি অফিস ও বিভাগীয় কমিশনারের কার্যালয় থাকায় এখানে প্রতিদিন বিপুলসংখ্যক গাড়ি আসে। আইনজীবী ও বিচারপ্রার্থীদের গাড়িও থাকে। কিন্তু পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা নেই। ফলে যানবাহন নিয়ন্ত্রণে আনতে পরিকল্পিত ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা প্রয়োজন।
ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিষয়ে তিনি বলেন, আদালতের ব্যস্ত সময় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হকারদের ব্যবসা বন্ধ রাখার ব্যবস্থা করা যেতে পারে। এতে আদালত এলাকার যানজট ও চলাচলের ভোগান্তি অনেকটা কমবে। তবে দরিদ্র হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তাঁদের জীবিকা বন্ধ না করে শৃঙ্খলার মধ্যে ব্যবসা পরিচালনার সুযোগ তৈরি করা প্রয়োজন।
নির্দেশনা থাকলেও হালনাগাদ হচ্ছে না অনলাইন কার্যতালিকা
আধুনিক বিচারিক সেবা নিশ্চিত করতে দেশের আদালতগুলোর অনলাইন কার্যতালিকা নিয়মিত হালনাগাদ করার ওপর গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ লক্ষ্যে অনলাইন কজলিস্ট ব্যবস্থা যথাযথভাবে পরিচালনার জন্য নির্দেশনাসংবলিত সার্কুলারও জারি করা হয়েছে।
তবে অভিযোগ রয়েছে, নির্দেশনা থাকা সত্ত্বেও চট্টগ্রামসহ বিভিন্ন আদালতে অনলাইন কার্যতালিকার তথ্য নিয়মিত হালনাগাদ হচ্ছে না। অনেক ক্ষেত্রে বিচারপ্রার্থীরা অনলাইনে মামলার সর্বশেষ তারিখ, শুনানির অবস্থান কিংবা প্রয়োজনীয় তথ্য জানতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। ফলে আদালতে সরাসরি উপস্থিত হয়ে খোঁজ নিতে হচ্ছে তাঁদের। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে।
এ বিষয়ে জেলা পিপি বলেন, সরকার অনলাইন কার্যতালিকা চালু করলেও এর তথ্য আরও নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। আমরা ডিজিটাল যুগে এগিয়ে যাচ্ছি। তাই বিচারপ্রার্থীরা যেন ঘরে বসেই তাঁদের মামলার তারিখ ও বর্তমান অবস্থা জানতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
শিশুদের বিচারে পৃথক এজলাসের দাবি
চট্টগ্রামে শিশু আসামিদের বিচারকাজ নিয়েও রয়েছে পৃথক ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রশ্ন। নগর ও জেলার ৩৩টি থানার শিশু-সংক্রান্ত মামলার বিচার হয় সাতটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। আইনজীবীদের তথ্যমতে, এসব আদালতে প্রতিদিন এক হাজারের বেশি আসামি হাজির হন। একই এজলাসে শিশুদের পাশাপাশি খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও ডাকাতির মামলার প্রাপ্তবয়স্ক আসামিদেরও উপস্থিতি থাকে।
শিশু আইনের ১৭(৪) ধারায় প্রচলিত আদালতের এজলাস ও সময়ের বাইরে যথাসম্ভব পৃথক কক্ষে এবং প্রাপ্তবয়স্ক আসামিদের অনুপস্থিতিতে শিশুদের বিচার করার বিধান রয়েছে। এ ছাড়া ১৯ ধারায় শিশুবান্ধব আদালতকক্ষ, আসনবিন্যাস এবং বিচারকাজে সংশ্লিষ্টদের পেশাগত বা দাপ্তরিক পোশাক পরিধান না করার বিধান রয়েছে।
আইনজীবী ও মনোবিজ্ঞানীদের মতে, আদালতের আনুষ্ঠানিকতা, পোশাকধারী পুলিশ এবং প্রাপ্তবয়স্ক অপরাধীদের উপস্থিতি শিশুদের মনে ভীতি ও মানসিক চাপ তৈরি করতে পারে। তাই শিশুদের জন্য পৃথক ও শিশুবান্ধব বিচারিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তবে অবকাঠামোগত সংকটের কারণে পৃথক বিচার কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংশ্লিষ্টদের অভিযোগ। শিশুদের অন্য আসামিদের সঙ্গে একই কাঠগড়ায় দাঁড় করানো না হলেও একই এজলাসে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সাময়িক পরিচ্ছন্নতা নয়, স্থায়ী সমাধান চান বিচারপ্রার্থীরা
প্রধান বিচারপতির ২১ নভেম্বরের সফরকে ঘিরে আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে। ময়লার স্তূপ সরানো, আঙিনা পরিষ্কার করা এবং অবহেলিত স্থানগুলো গোছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই প্রস্তুতি যেন কেবল বিশেষ অতিথির আগমন উপলক্ষে সাময়িক পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ না থাকে।
জেলা পিপি প্রধান বিচারপতির চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর আগমন ঘিরে আদালতের আঙিনা, ফুটপাত ও বিভিন্ন আদালতকক্ষ গোছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁরা আনন্দিত। তবে সফর উপলক্ষে যে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে, তা যেন অন্য দিনগুলোতেও অব্যাহত থাকে—এমন প্রত্যাশা তাঁর।
বিচারপ্রার্থীদের প্রত্যাশা, আদালত প্রাঙ্গণের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিয়মিত বজায় রাখা, ন্যায়কুঞ্জ সংস্কার ও রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত লিফট নিশ্চিত করা, যানজট নিরসন এবং অনলাইন কার্যতালিকা নিয়মিত হালনাগাদের বিষয়ে স্থায়ী উদ্যোগ নেওয়া হবে।
একই সঙ্গে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিটিও নতুন করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বিচারপ্রার্থীদের প্রশ্ন, ন্যায়বিচার যদি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার হয়, তাহলে উচ্চ আদালতের সেবা পেতে কেন তাঁদের বারবার রাজধানীমুখী হতে হবে? কেন আদালতে এসে বিশ্রামের জায়গা, একটি ব্যবহারযোগ্য শৌচাগার কিংবা লিফটের মতো মৌলিক সুবিধা পেতে তাঁদের ভোগান্তি পোহাতে হবে?
প্রধান বিচারপতির এই সফরে চট্টগ্রাম আদালতের দৃশ্যমান পরিচ্ছন্নতার পাশাপাশি দীর্ঘদিনের এসব সমস্যার কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে—এমন প্রত্যাশা আইনজীবী সমাজ ও বিচারপ্রার্থীদের।