নিজের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে কঠোর পদক্ষেপ নিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তাঁর নির্দেশনায় রবিবার (১৫ নভেম্বর) নগরের প্রথম আবাসিক প্রকল্প আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত ১.৭৩ একরের একটি অ্যাপার্টমেন্ট প্লটে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। চউকের অথোরাইজড-২ এর আওতাধীন এই প্লটের প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা পে-লোডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্থানীয় বাসিন্দারা করতালির মাধ্যমে চউক চেয়ারম্যান ও অভিযান পরিচালনাকারী দলকে স্বাগত জানান।
চউক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্লটটির প্রায় এক একর জায়গা অবৈধ দখলদারদের কবলে ছিল এবং সেখানে মাদকের আখড়া গড়ে উঠেছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল। বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর (শনিবার) চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয়রা বালুর মাঠ হিসেবে পরিচিত ১.৭৩ একরের ওই অ্যাপার্টমেন্ট প্লটটিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মাদকের আখড়ার বিষয়ে চেয়ারম্যানের কাছে অভিযোগ জানান। পরিদর্শনকালে চউক চেয়ারম্যান অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দেন এবং সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।
চেয়ারম্যানের সেই কঠোর অবস্থানের ধারাবাহিকতায় আজ চউকের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২ এর চেয়ারম্যান মোহাং মনজুর হাসান এবং অথোরাইজড অফিসার-২ তানজিব হোসেন।
অভিযান চলাকালে পে-লোডার ব্যবহার করে প্লটটিতে অবৈধভাবে গড়ে ওঠা গ্যারেজ হিসেবে ব্যবহৃত বেশ কিছু শেড, ‘রয়ালস অটো কেয়ার’ নামক একটি গ্যারেজ, ‘ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস’, ‘এমিগো স্পোর্টস সেন্টার’ (টার্ফ ও ক্লাব), ‘নিউ রাহি ফার্নিচার মার্ট’, ‘চৌধুরী সুপার শপ’ এবং ৮ থেকে ১০টি টং দোকান উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে মানবিক দিক বিবেচনায় অভিযানের সময় ‘এমিগো স্পোর্টস সেন্টারের’ জেনারেটর রুম এবং ‘চৌধুরী সুপার শপের’ মালামাল সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে দুই দিনের সময় দেওয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘নগরবাসীর প্রতি আমার অনুরোধ, কেউ যেন অবৈধ স্থাপনা কিংবা সরকারি জায়গায় অননুমোদিত কোনো নির্মাণকাজ না করেন। পাশাপাশি কোনো স্থাপনা বা জায়গা ভাড়া নেওয়ার চুক্তি করার আগে অবশ্যই জমির মালিকানা স্বত্ব ভালোভাবে যাচাই করে নেবেন।’
এদিকে চউক চেয়ারম্যানের দ্রুত পদক্ষেপে দীর্ঘদিনের অবৈধ দখলদার ও মাদকের আখড়া উচ্ছেদ হওয়ায় পুরো আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।