নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতিকালে এক ব্যক্তি, কিশোর গ্যাং-সংশ্লিষ্ট সদস্য ও সন্দেহভাজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ফোল্ডিং টিপ ছোরা, একটি ছোরা ও একটি কিরিচ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারের (এসি, কোতোয়ালী) তত্ত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম এবং এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কাজী মোহাম্মদ আলিমুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সদরঘাট থানাধীন শুভপুর মোড় এলাকায় হোটেল বিরতির সীমানাপ্রাচীরের পশ্চিম পাশে জঙ্গলের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে রাহাত হোসেন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ফোল্ডিং টিপ ছোরা এবং ঘটনাস্থলে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া আরও একটি ছোরা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদরঘাট থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি নুরুল হুদা তাসিফ (২৩) এবং দ্রুত বিচার আইনের একটি মামলার আসামি মো. রমজান (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, সদরঘাট থানাধীন শুভপুর রেলবিট ও কদমতলীসহ বিভিন্ন এলাকায় রাতের বেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় কিশোর গ্যাং-সংশ্লিষ্ট সাতজন এবং আরও সাতজন সন্দেহভাজনকে আটক করা হয়।
সদরঘাট থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া মোট ১৯ জনকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানে সদরঘাট থানার এসআই শাহিনুর রহমান পিপিএম, এসআই মনির উদ্দিন, এসআই ফারুক আহমদ, এসআই হেদায়েত উল্লাহ, এএসআই শিপু মারমা, এএসআই সরওয়ার মাহমুদসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।