বাঁশখালী প্রতিনিধি:
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া।
সোমবার (৩১ আগস্ট) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউএ এইডের খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ড. মোহাম্মদ জকরিয়া বলেন, “আপনারা ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও জীবিকা হারিয়ে অনেক পরিবার আজ অসহায় অবস্থায় রয়েছেন। এই কঠিন সময়ে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। আজকের এই ত্রাণ বিতরণ কোনো অনুগ্রহ নয়, এটি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর একটি আন্তরিক প্রয়াস।”
তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমন্বিতভাবে কাজ করলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব হবে।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সংশ্লিষ্ট সব সংস্থা ও স্বেচ্ছাসেবীদের ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ড. জকরিয়া আরও বলেন, “আশা করি, খুব শিগগিরই দুর্যোগ কাটিয়ে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে সক্ষম হবো। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তর এবং বেসরকারি এনজিও সংস্থাগুলোর যৌথ সমন্বয়ে পুনর্বাসনের কাজ দ্রুত এগিয়ে চলছে।”
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও রাজনীতিবিদ অ্যাডভোকেট লায়ন নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাশেদ আল-মাইল আল-জায়াবি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক এবং বীটসের চেয়ারম্যান এনামূল হক।
এছাড়া প্রধান অতিথির একান্ত সচিব শরিফ আহমেদ, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, আমিনুর রহমান চৌধুরী, ইব্রাহিম, আক্তার হোসেন ও মহসিন, সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম, সাবেক ছাত্রনেতা এস এম শহীদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস ছবুর, শাহরিয়ার আশকরি এবং সাবেক ছাত্রদল নেতা ছরোয়ার আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।