চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (১৯) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হলের সামনে ব্যানার টাঙানোর কাজ করছিলেন আরিফ। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ ওপরেই ঝুলে ছিলেন তিনি।
পরে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে আরিফ নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় উপস্থিত শিক্ষার্থীরা তাকে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়।
তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর খাগড়াছড়িতে আরিফের নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।