নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাংলা বাজার ২ নম্বর গলির পূর্বাচল অংশে, গলির শেষ প্রান্তে একতা আবাসন প্লট ও ফ্ল্যাট মালিক সমবায় সমিতি লিমিটেডের পাশে গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, ওই এলাকায় দিনভর মাদক বিক্রির কার্যক্রম চলে। সন্ধ্যা নামার পর মাদক ক্রেতাদের আনাগোনা আরও বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, গলির মুখে কয়েকজন ব্যক্তি বসে থেকে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রশাসনের লোকজন বা অপরিচিত কেউ এলাকায় প্রবেশ করলে মাদক বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের আগাম সতর্ক করার জন্য তাঁদের ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে আগেই তথ্য পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সুযোগ পায় বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর ভাষ্য, মাদক বিক্রির স্থানটির পেছনে পাহাড় থাকায় অভিযান পরিচালনার খবর পেলে অভিযুক্তরা পাহাড়ের ভেতর দিয়ে পালিয়ে যায়। এ কাজে সহযোগীদের একটি দল পাহারায় থাকে বলেও অভিযোগ রয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এলে সেখানে মাদক কেনাবেচা জমে ওঠে। রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাদক কিনতে ওই এলাকায় যাতায়াত দেখা যায় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, বায়েজিদ থানা-পুলিশ কয়েকবার অভিযান চালিয়েছে। তবে পাহারায় থাকা সহযোগীদের মাধ্যমে আগাম খবর পেয়ে অভিযুক্ত মাদক বিক্রেতারা ঘটনাস্থল থেকে সরে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এলাকায় ‘খালা’ নামে পরিচিত এক নারীকে কেন্দ্র করে মাদক বিক্রির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তাঁদের মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর মাদকসেবী ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা নিয়ে উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের মধ্যে।
এলাকাবাসী মাদক বিক্রি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর অভিযান, নিয়মিত নজরদারি এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।