ভাইজানরে,
আপনি হইলেন, বাংলাদেশী রাজনীতিবিদ, চিকিৎসক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি ছিলেন আপনি।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতন হইলে ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন আপনাকে মেয়র হিসাবে ঘোষণা করেন। ৩ নভেম্বর চট্টগ্রামের মেয়র হিসাবে শপথ গ্রহণ করেন আপনি । আপনি এখন প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন মেঘাসিটি চট্টগ্রামের সম্মাণিত মেয়র ।যদিও আপনি ভোট কারচুপির অভিযোগে মামলা করিয়াছিলেন কিন্তু পাইয়া গেলেন মেয়র এই নিয়া আপনার বিরুদ্ধবাদীরা নানান কথা বলিতেছে।
ভাইজানরে,
বাঘা বাঘা নেতারা যখন ইন্টিরিয়ম সরকারের নিয়ন্ত্রক যেমন ড. ইউনুসসহ বহু সংখ্যক উপদেষ্ঠারা চট্টগ্রামের তখনো আপনি মেয়র। এখনো আপনার সমর্থিত সরকার আমলেও আপনি মেয়র। এই সরকারের দুই বড় নেতা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালা উদ্দিন আহমেদ’র নেতৃত্বও চট্টগ্রামমুখী।সুতরাং চট্টগ্রামকে নিয়া স্বপ্ন বাস্তবায়ন এখনই আপনার জন্য উপযুক্ত বলিয়া আপনার লোকেরা বলিতেছে। রেলওয়ে ও নৌবাহিনীর হেড কোয়ার্টার চট্টগ্রামে নাই কেন ? বাণিজ্যিক রাজধানীতে কোন বাণিজ্যিক ব্যাংকের হেড অফিসও চট্টগ্রামে নাই। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অফিস চট্টগ্রামে হওয়া উচিত বলে লোকেরা বলিতেছে । চট্টগ্রামের উন্নয়নে এইসব বিষয়ে কথা বলিবার আপনিই এক নম্বর ব্যাক্তি ।
ভাইজানরে ,
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাযায় উপস্থিত হইয়া দোয়া করিবার ও বক্তব্য দিবার কারণে নগরের সচেতন লোকেরা আপনার প্রশংসা করিতেছে। তারেক জিয়ার পক্ষে জানাযায় শরীক হইবার কথা বলিবার জন্য ঘোর বিএনপির লোকেরা খুশী হইয়াছে । আগামী মেয়র নির্বাচনে সাবেক মেয়র মনজুর আলম প্রার্থী হইলে আপনার খবর আছে বলিয়া স্বয়ং বিএনপির লোকেরাও বলিতেছে। ততদিনে দেশের রাজনীতি কোন দিকে মোড় নিয়া যায় তাহা আল্লাহ মালুম ।
ভাইজানরে ,
খাল-নালা দখল, অবৈধ স্থাপনা নির্মাণ ময়লা ফেলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়াছেন আপনি । সিটি কর্পোরেশনে লোক নিয়োগে ব্যাপক দূর্নীতি হইতেছে বলিয়া শুনিতেছি। সিডিএ -তে একই দশা হইয়াছে। ‘মেধা না কোটা’ লইয়া যাহারা আন্দোলন করিয়াছিল তাহারাও বিষয়টি এখন হাড়ে হাড়ে অনুভব করিতেছে। নগরের প্রতিটি মোড়ে বাজার বসিয়া ফুটপাত দখলে নিয়াছে কাহারা ? ঘাটে ঘাটে আপনার নাম বিক্রি করিবার অভিযোগ রহিয়াছে অহরহঃ।
আজ আর না । আপনার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনায় ইতি আপনারই গ্রাম বাংলার অখ্যাত ঠাণ্ডা মিয়া গ্রন্থনা ম. আ. হ তারিখ ১৭. ০৫. ২০২৬
আগামী সংখ্যায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সমীপে ঠান্ডা মিয়ার গরম কথা (৩৫৮) সম্প্রচার করা হইবে ।