মোহাম্মদ মুছা
মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদী ভারত উপমহাদেশের চট্টগ্রামের একজন ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি ১৮৭৫ সালে ততকালীন পটিয়া জেলা, বর্তমানে চন্দনাইশের আড়ালিয়ার চর নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫০ সালের ২৪শে অক্টোবর মৃত্যুবরণ করেন।
মওলানা মনিরুজ্জামান এছলামাবাদী প্রাতিষ্ঠানিক ও প্রথাগত শিক্ষা ধারার দিক থেকে আমাদের আধুনিক শিক্ষাব্যবস্থা ও চিন্তন প্রক্রিয়ার বিকল্প ঘরানার প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু বিকল্প ধারার প্রতিনিধি হয়েও তিনি স্মরণীয় ও শ্রদ্ধেয় হয়ে আছেন। স্মর্তব্য, আমাদের শ্রেষ্ঠ মনীষী ও বিদ্বানদের বড়ো একটা অংশ শিক্ষাব্যবস্থার রক্ষণশীল ও আধুনিক ধর্মীয় শিক্ষার ভেতর থেকে বেরিয়ে এসেছেন। এদের মধ্যে ছিলেন ড. মুহম্মদ এনামুল হক, আবুল ফজল, আবু মহামেদ হবীবুল্লাহ, শওকত ওসমান, আবু জাফর শামসুদ্দিন প্রমুখ। কিন্তু এরা দ্বিতীয় বা বিকল্প ধারা থেকে আবির্ভূত হলেও নিজস্ব ধারায় স্থিত না থেকে মূলধারাতে প্রতিষ্ঠা লাভ করেছিলেন৷ অন্যদিকে, মনিরুজ্জামান এছলামাবাদী নিজ ধারায় স্থিত থেকেই তার প্রতিভার মধ্যে দুই ধারারই শ্রেষ্ঠ অংশকে সমন্বিত করেছিলেন। এখানেই তার অনন্য বৈশিষ্ট। তিনি ছিলেন ইসলাম শাস্ত্র ও ধর্মচর্চায় প্রগাঢ় পন্ডিত; সেই সাথে রাজনীতিতে কৃষি, কৃষক-প্রজার স্বার্থরক্ষক এবং সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীনতাসংগ্রামী ও হিন্দু মুসলমানের মিলনকামী মহান জাতীয়তাবাদী। আসলে তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভাধর এক মহান পুরুষ; সমাজ, কৃষি, প্রাথমিক ও মাদ্রাসাশিক্ষা সংস্কারের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা ; সাংবাদিক, সংসদ, মননশীল প্রবন্ধকার ও বিপ্লবী রাজনৈতিক নেতা।