
মাননীয়,
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম সমীপে,
শ্রদ্ধেয় মাসুদ ভাইজানরে,
গরম গরম কথার শুরুতে আমার লাখ কোটি সালাম জানিবেন। আশা করি, আল্লাহ মালিকের অপার মহিমায় ভালো থাকিয়া নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নানান ফর্মূলা তৈরী ও বাস্তবায়ন করিয়া ভালোই আছেন। আমিও বাংলাদেশের এক মফস্বল শহরে থাকিয়া দেশের ভবিষ্যতের কথা ভাবিয়া ভাবিয়াই নানান রকম চিন্তা করিয়া ছাগলের তিন নাম্বার বাচ্ছার মতো খাইয়া না খাইয়া বাঁচিয়া আছি।
গেলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ হাসান মারুফ সমীপে গরম কথা লিখিবার সময় এইবার আপনার সমীপে লিখিব বলিয়াছিলাম বলিয়াই আপনাকে লিখিতেছি বলিয়া রাগ করিবেন না বরং শত ব্যস্ততার মধ্যেও গরম কথাটুকু পড়িয়া দেখিবেন ও যাহা প্রয়োজন তাহা করিবেন আর ভুল হইলে নিজ গুনে মাফও করিয়া দিবেন।
ভাইজানরে,
আপনি হইলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি)।২৮তম ব্যাচের একজন পুলিশ কর্মকর্তা। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসাবে কর্মরত ছিলেন।গত মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রামের পুলিশ সুপার হিসাবে নিয়োগ পাইলেন এবং ৭ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করিলেন। কর্মজীবনে সাহসিকতার জন্য আপনি বাংলাদেশ পুলিশ পদকও (বিপিএম) লাভ করিয়াছেন।