মোঃ মনিরুল ইসলাম, দুমকি, প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “Bridging Academia and Industry: Fostering Innovation, Collaboration and Mutual Development” শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন। পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মামুন অর রশিদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রকৌশলী মুহাম্মদ ইকবাল এবং পবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর ও শিল্পসম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তারুণ্যের ভাবনা’ শীর্ষক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সুদৃঢ় সম্পর্ক স্থাপনের লক্ষ্যে অনুষ্ঠানে পবিপ্রবি এবং দেশের কয়েকটি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেফকো ফার্মাসিউটিক্যালস, খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানি এবং প্রকৌশলী এম এ হক অ্যান্ড কোম্পানি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এর মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া খুব শীঘ্রই আরও কয়েকটি স্বনামধন্য কোম্পানির সাথেও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর মধ্যে বায়ার ক্রপ সায়েন্স, আজমত গ্রুপ, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, রেনাটা পিএলসি, সেভ দ্য চিলড্রেন, জাগো নারী, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, কারিতাস বাংলাদেশ, কেমিন, রেনেটা অ্যানিম্যাল হেলথ, লালতীর সিড লি., নেসলে বাংলাদেশ, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, প্রাণ-আরএফএল গ্রুপ এবং অ্যাগ্রিপ্লাস-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে শিক্ষার্থীরা সরাসরি বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে। আমরা পবিপ্রবিকে গবেষণা, নতুন উদ্ভাবন ও শিল্পসম্পৃক্ততার এক কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে। একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যকার কার্যকর সহযোগিতা আমাদের গবেষণার ফলাফলকে বাস্তবে প্রয়োগের পথ সুগম করবে এবং প্রযুক্তি স্থানান্তরে তৈরি করবে নতুন উন্মাদনা। এটি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”