সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে ঈদগাহ ও কবরস্থানের পাশে পৌরসভা কর্তৃক ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও স্কুলশিক্ষার্থী অংশ নেন। সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও রাইজদিয়া গ্রামের সর্বস্তরের জনগণ এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাহ, কবরস্থান, জামে মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ এলাকাবাসীর জন্য উদ্বেগজনক। এতে দুর্গন্ধ, পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনার বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি।
বক্তারা আরো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা জাম্পিং প্রয়োজন হলেও তা জনবসতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আশে-পাশে স্থান গুলো নির্বাচন করা উচিত নয়। এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ডাম্পিং স্টেশন নির্মাণের স্থান পরিবর্তন করে বেশ কযেকটি জায়গা নির্বাচন করার কথাও জানান।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উপযোগী স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে এলাকাবাসী পরবর্তী কর্মসূচি দেওয়ার বিষয়েও ভাববেন বলে জানান।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নিয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানান এবং জনস্বার্থে এর স্থান পরিবর্তনের দাবি তোলেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা।