গোপন স্টেটমেন্ট অবৈধভাবে তুলে ভুয়া অভিযোগ দায়েরের অভিযোগ; দেবরের পুত্রসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপি ও দুদকসহ বিভিন্ন দপ্তরে আবেদন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় প্রায় ৭০ বছর বয়সী এক জরাগ্রস্ত ও একা বসবাসকারী বিধবা প্রাক্তন স্কুল শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি করে গোপন স্টেটমেন্ট বের করার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই স্টেটমেন্ট বিভিন্ন দপ্তরে ভুয়া অভিযোগ আকারে জমা দিয়ে এবং পৈতৃক জমি জোরপূর্বক লিখে নেওয়ার জন্য তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী সাবেক শিক্ষিকা শান্তি চৌধুরী সম্প্রতি জনতা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে এ বিষয়ে প্রতিকার চেয়ে একটি লিখিত আবেদন জানিয়েছেন।
নিরাপত্তাহীনতায় বয়োবৃদ্ধ শিক্ষিকা
অভিযোগে প্রকাশ, শান্তি চৌধুরী তাঁর কর্মজীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ এবং পৈতৃক সম্পত্তি বিক্রির টাকা জনতা ব্যাংক পিএলসি-এর পটিয়া শাখায় (হিসাব নং- ০১০০০২৪১৩০৮৫৫) জমা রেখেছিলেন। কিন্তু তাঁর একমাত্র দেবর পুত্র আশীষ মনকুরী এবং একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র পরস্পরের যোগসাজশে ব্যাংকের অসাধু চক্রের সহায়তায় তাঁর গোপনীয় ব্যাংক স্টেটমেন্ট অবৈধভাবে সংগ্রহ করে।
মোবাইলে জমি লিখে নেওয়ার হুমকি
ভুক্তভোগী শিক্ষিকা জানান, চক্রটির হাতে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ও পাসবুকের তথ্য থাকায় তারা চরম আর্থিক ও শারীরিক নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। আসামিরা তাঁকে মুঠোফোনে পৈতৃক জমি তাদের নামে লিখে দেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে এবং কথা না শুনলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। একা বসবাস করায় তিনি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।






