রায়পুরের স্থানীয় বাসিন্দাদের সন্তানরা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিতে পারবে
মুহাম্মদ হারুনুর রশীদ
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় কোমলমতি শিশু-কিশোরদের জ্ঞান অর্জনে আগ্রহী করে তোলা এবং মেধা বিকাশে অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের সামাজিক, মানবিক ও শিক্ষাভিত্তিক সংগঠন ‘প্রিয় রায়পুর’-এর উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রিয় রায়পুর মেধাবৃত্তি পরীক্ষা । আগামী ২৬ ডিসেম্বর, শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃত্তি পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পরীক্ষার আবেদন ফরম রায়পুর ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী বারশত ইউনিয়নে অবস্থিত আল-আমিন একাডেমিতেও ফরম পাঠানো হয়েছে। কারণ, প্রতিষ্ঠানটিতে রায়পুর ইউনিয়নের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
বৃত্তি পরিচালনা পরিষদের উপ পরিচালক মুহাম্মদ ফোরকান উদ্দীন ফরহাদ জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত রায়পুরের অনেক শিক্ষার্থীও ইতোমধ্যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম সংগ্রহ করেছে। তিনি বলেন, “প্রিয় রায়পুর মেধাবৃত্তি পরীক্ষা শুধু মেধা যাচাইয়ের আয়োজন নয়; এটি হতে পারে শিক্ষার্থীর সঙ্গে তার পূর্বপুরুষের জনপদ, আপনজনের ইউনিয়ন এবং প্রিয় রায়পুরের একটি সুন্দর সেতুবন্ধন।”
আয়োজকদের প্রকাশিত পরীক্ষার নিয়মাবলি অনুযায়ী, মাদ্রাসা ও স্কুল পর্যায়ের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। রায়পুর ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের সন্তানরা দেশের যেকোনো প্রান্তের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হলেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
পরীক্ষার ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে। পরীক্ষার ফলাফল ট্যালেন্টপুল, ‘এ’ গ্রেড ও সাধারণ গ্রেড—এই তিনটি বিভাগে প্রকাশ করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সংগঠনটির ফেসবুক পেজে ফলাফল প্রকাশের কথা রয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্রের পাশাপাশি আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং রায়পুরের সঙ্গে নতুন প্রজন্মের আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।