
আনোয়ারা প্রতিনিধি
বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম নুরুল আবছার চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (২৭ জুলাই)। এ উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আনোয়ারা উপজেলার শিলাইগড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল।
এছাড়া বাদ আসর চন্দনপুরস্থ মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় শরিক হওয়ার জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছেন।
মরহুম নুরুল আবছার চৌধুরী ছাত্রজীবন থেকেই গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তৎকালীন পাকিস্তান আমলে তিনি জাতীয় ছাত্র ফেডারেশন (এনএসএফ) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬২ সালের কুখ্যাত শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ১৯৬৪ সালের সর্বজনীন ভোটাধিকার আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীকালে তিনি চট্টগ্রাম মহানগর ডেমোক্রেটিক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি সমাজকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান ছিল অনন্য। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা, কসমোপলিটন সিটি বাস্তবায়ন পরিষদের সভাপতি, ইসলামাবাদ টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক, ধর্মীয় ও সেবাধর্মী প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। সততা, আদর্শ, জনকল্যাণে নিবেদন এবং মানবিক নেতৃত্বের জন্য নুরুল আবছার চৌধুরী আজও চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।