চট্টগ্রাম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির পুলিশের মর্যাদাপূর্ণ (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদকে ভূষিত হয়েছেন। এর আগে তিনি অর্জন করেন বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদক। পেশাগত দক্ষতা, সাহসিকতা, অপরাধ দমন ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন।
শনিবার ২৬ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৯৮ জন পুলিশ সদস্যের হাতে বিপিএম ও পিপিএম পদক তুলে দেন। এ সময় পেকুয়ার কৃতী সন্তান জাহেদুল কবিরের হাতেও পিপিএম পদক তুলে দেওয়া হয়।
জাহেদুল কবির পেকুয়া উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আহমদ কবিরের জ্যেষ্ঠ সন্তান। শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এ পরিবারের অন্য সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। তাঁর ছোট ভাই জামশেদুল কবির ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং মনিরুল কবির রাশেদ স্বাস্থ্য বিভাগে কর্মরত। তাঁর দুই বোনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের কারণে ওসি জাহেদ নামে পরিচিতি পাওয়া জাহেদুল কবির এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর, চকবাজার, চান্দগাঁও ও বায়েজিদ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিটিএসবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব পালনকালে তিনি চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সন্ত্রাসবিরোধী অভিযান এবং অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে একাধিক অপরাধী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
এদিকে পিপিএম পদক অর্জনের খবরে পেকুয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাহেদুল কবিরকে অভিনন্দন জানিয়েছেন।






