ঈদগাঁও প্রতিনিধি
চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের
ঈদগাঁওর একই পরিবারের ভাই-বোনসহ ৪জন। এই ঘটনায় গাড়িতে থাকা আরও অন্তত ৫জন যাত্রী গুরুত্বর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
রবিববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা টি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে বিয়ের অনুষ্ঠান শেষ করে গাড়ি যোগে ঈদগাঁওয়ে ফিরছিলেন তারা। পথিমধ্যে রবিবার দিবাগত রাত দুইটার দিকে কর্ণফুলীর কলেজ বাজার এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়। মনজুর আলমসহ আরও ৫জন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
নিহতরা হলেন,ঈদগাঁও স্টেশনের নূর জাহান প্লাজার মালিক পোকখালী গোমাতলীর বাসিন্দা ফেরদৌস আলম ফিরোজ,গাড়ি চালক মুন্না, ঈদগাঁও উত্তর মাইজ পাড়ার মোর্শেদ ও মিমতা। অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত ৫ যাত্রীকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে তাদের নিবিড় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
চাচাতো ভাই-বোন মিমতা ও মোর্শেদসহ ৪জন নিহত হন সড়ক দূর্ঘটনায় এমন খবর নিশ্চিত করেছেন ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনর রশিদ।
স্থানীয় মেম্বার বজলুল রশিদ জানান, বিয়ে অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে একই পরিবারের দুইজনসহ চারজন নিহত হয়। তবে মোর্শেদ এবং মিমতার পিতা মনজুর আলমের অবস্থাও আশংকাজনক।
দুর্ঘটনার খবর এবং হতাহতদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো ঈদগাঁও উপজেলায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আনন্দঘন অনুষ্ঠান শেষে প্রিয়জনদের এমন আকস্মিক অকালমৃত্যু ও কয়েকজনের জীবনের ঝুঁকির খবরে এলাকায় গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে।