দুমকি পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে ১২ বছরের এক কন্যাশিশুকে অপহরণের মাত্র ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারী প্রবাসী মো. শাহ জামালকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) পটুয়াখালী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শাহ জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি একজন সৌদি আরব প্রবাসী এবং প্রায় তিন মাস আগে দেশে ফেরেন। প্রায় চার বছর আগে সৌদি আরবে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির মায়ের সঙ্গে তার পরিচয় হয়। দেশে ফেরার পরও তিনি ওই পরিবারের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন।
গত ২৬ সেপ্টেম্বর শাহ জামাল শিশুটির বাড়িতে বেড়াতে যান এবং শিশুটির বাবা মো. নেছার উদ্দিনকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল উপহার দিয়ে পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। শুক্রবার বিকেলে কুমিল্লার নিজ বাড়িতে ফিরে যাওয়ার অজুহাতে শাহ জামাল বাড়ি থেকে বের হন। এ সময় তিনি কৌশলে পরিবারটিকে উপহার দেওয়া মোবাইলটি সঙ্গে নেন এবং শিশুটিকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অটোরিকশা স্ট্যান্ডে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে দুমকি থানার পাগলা মোড় বাসস্ট্যান্ডে নিয়ে আসা হয় এবং বিকেল ৫টার দিকে চট্টগ্রামগামী একটি বাসে তারা উঠে পড়েন।
পরিবারের সদস্যরা শিশুটিকে না পেয়ে শাহ জামালের ফোনে কল দিলে তিনি সাড়া না দেওয়ায় সন্দেহ দানা বাঁধে। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবার দুমকি থানায় নিখোঁজের সংবাদ জানায়। খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে দুমকি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল যৌথ অভিযানে নামে। তারা পাগলা মোড় ও পায়রা সেতুর টোল প্লাজাসহ আশপাশের শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহরণের নিশ্চিত প্রমাণ পান।
অভিযানের ধারাবাহিকতায় দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকার উদ্দেশে রওনা হয়। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১০-এর সহায়তায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত শাহ জামালকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শনিবার শিশুটির বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ জামাল অপহরণের কথা স্বীকার করেছেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো সহযোগী বা পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে