আসাদুল ইসলাম
কাপ্তাই লেকের পানি নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে আয়োজক ও অংশগ্রহণকারীরা কাপ্তাই লেকের পানি নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বক্তারা বলেন, কাপ্তাই হ্রদ শুধু জলবিদ্যুৎ উৎপাদনের উৎস নয়; এর পানি চট্টগ্রাম নগরীর পানি সরবরাহ, কৃষিকাজ ও সেচের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদ্যুৎ উৎপাদন, নগরীর পানির চাহিদা এবং কৃষি সেচ—সবকিছুর প্রয়োজন বিবেচনায় নিয়ে হ্রদে কতটুকু পানি সংরক্ষণ ও কতটুকু পানি ছাড়া হবে, সে বিষয়ে বৈজ্ঞানিক ও সমন্বিত সিদ্ধান্ত প্রয়োজন।
তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় পরিমাণ পানি সংরক্ষণ না করে পানি ছেড়ে দেওয়া হলে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন, পানীয় জল সরবরাহ ও কৃষি সেচ—তিনটি ক্ষেত্রেই বিরূপ প্রভাব পড়তে পারে। পানি ব্যবস্থাপনায় অতীতের নিয়ম বা বৈজ্ঞানিক বিবেচনার ব্যতিক্রম হয়ে থাকলে এর পেছনে কোনো অনিয়ম বা ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখারও দাবি জানান তারা।
বক্তারা কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ ও কৃষি সেচের জন্য হ্রদে প্রয়োজনীয় পানির পরিমাণ নির্ধারণ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
তারা আরও বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ অঞ্চলের বিদ্যুৎ ও পানি সরবরাহে কোনো ধরনের সংকট সৃষ্টি হলে এর প্রভাব শুধু চট্টগ্রামে নয়, পুরো দেশের অর্থনীতিতেও পড়তে পারে। তাই বৃহত্তর চট্টগ্রামের স্বার্থে সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে গ্রেটার চট্রগ্রাম ফোরাম ও ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরাম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
কাপ্তাই লেক দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ। এ সম্পদকে ঘিরে কোনো ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
মানববন্ধনে গ্রেটার চট্রগ্রাম ফোরাম ও ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরামের নেতৃবৃন্দ, চট্রগ্রাম মহানগর বিএনপি,যুবদল নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা কাপ্তাই লেকের পরিবেশ, পানি ও সংশ্লিষ্ট সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো উদ্যোগের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। কাপ্তাই লেকের স্বাভাবিক পরিবেশ ও পানিসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।