সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা। তাঁর নিয়োগ কার্যকর হলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াবে পাঁচজনে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁর নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আগামী রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন বিচারপতি মো. হাবিবুল গনিকে শপথবাক্য পাঠ করাবেন।
বিচারপতি মো. হাবিবুল গনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর, ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) ও আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
দীর্ঘ বিচারিক জীবনে বিচারপতি হাবিবুল গনি ওয়ার্ল্ড পিস ফোরাম আয়োজিত আইন ও বিচারবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। পেশাগত ও প্রাতিষ্ঠানিক কাজে তিনি কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারত সফর করেছেন।
বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের কালাচান চৌধুরীর বাড়ির মরহুম জহুরুল হক চৌধুরীর দ্বিতীয় পুত্র।