1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে - এম এ মালেক - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

  হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত

সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রথমে প্রেস কাউন্সিলে নিষ্পত্তি হওয়া উচিত, হুট করে মামলা করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
রবিবার (২১ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম এডিটরস ক্লাবের আয়োজনে সংগঠনের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় ওসমান গনি মনসুরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম প্রেসক্লাব  উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত।
স্বাগত বক্তব্য দেন ক্লাবের অর্থ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী,     শুভেচ্ছা ও উদ্বোধনী বক্তব্য দেন দৈনিক দেশ বর্তমানের সম্পাদক এস. এম জমির। ক্লাবের পক্ষে বক্তব্য দেন মাহাতাব উদ্দিন চৌধুরী ও ইন্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন। আরো বক্তব্য দেন মানবাধিকার ও সাংবাদিক এস.এম জামাল উদ্দিন। অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথির জীবনী পাঠ করে আলোচনা করেন দৈনিক চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ তেলোয়াত করেন দৈনিক বায়োজিদ পত্রিকার সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে। হুট করে মামলা করা উচিত নয়। আমি বহুবার এ বিষয়ে প্রস্তাবনা দিয়েছি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “ওসমান গনি মনসুর বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন সাংবাদিক। তিনি দক্ষ সংগঠক, সৃজনশীল লেখক, নিবেদিতপ্রাণ সাংবাদিক ও মননশীল পাঠক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।”
এম এ মালেক আরও বলেন, “১৯৮৪-৮৫ সালে চট্টগ্রাম প্রেসক্লাবে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা আমি প্রত্যক্ষ করেছি। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমার বিশ্বাস, ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে তিনি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”
সংবর্ধিত অতিথি ওসমান গনি মনসুর বলেন, “ছবি তোলার শখ থেকেই আমার সাংবাদিকতায় আসা। দীর্ঘ সাংবাদিকতা জীবনে কোনো পদ-পদবির জন্য কারও কাছে তদবির করিনি। আমার কাজের মূল্যায়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান করেছে। আজ চট্টগ্রাম এডিটরস ক্লাব আমাকে সংবর্ধনা দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”
প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, “একটি সংবাদপত্রের প্রধান ব্যক্তি হচ্ছেন সম্পাদক। সম্পাদক যদি মনে করেন কোনো সংবাদ প্রকাশ করা উচিত, তবে তিনি তা প্রকাশ করবেন; আর যদি মনে না করেন, তবে তিনি তা প্রকাশে বাধ্য নন। সম্পাদকরা সংবাদ ও সাংবাদিকতার মর্যাদার প্রতীক।”
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, “ওসমান গনি মনসুরের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাঁর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়, পুরো চট্টগ্রামের গর্ব।”
বক্তারা বলেন, ওসমান গনি মনসুরের বর্ণাঢ্য কর্মজীবনে রয়েছে বহু ইতিহাস ও অভিজ্ঞতা। তাঁর এই অর্জন সমগ্র চট্টগ্রামবাসীকে সম্মানিত করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সম্পাদক ও দি ক্রাইমের সম্পাদক আশীষ চন্দ্র নন্দী,ইস্টার্ন ট্রেড সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ, আন্দরকিল্লা সম্পাদক নুরুল আবছার, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন,  এজাহার সম্পাদক মো. শফিউল আলম, দি পিস সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী, আজকের সত্য সংবাদ সম্পাদক মো. হারুনুর রশিদ  এবং চট্টগ্রাম নিউজ সম্পাদক হারাধন চৌধুরী। অনুষ্ঠানে সুশীল সমাজ, বিভিন্ন  গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla